Rhonda Byrne'র বিখ্যাত বই The Power এর বাংলা অনুবাদ ধারাবাহিক ভাবে প্রকাশের চেষ্টা করছি। আজ থাকলো প্রথম কিস্তি।
“ শক্তি কি আমি জানিনা, আমি শুধু জানি তা আছে। ”
Alexander Graham Bell
দূরালাপনি যন্ত্রের আবিষ্কারক
জীবন খুবই সহজ। ইতিবাচক এবং নেতিবাচক শুধুমাত্র এই দু’ধরনের বস্তু বা বিষয় দ্বারা আপনার জীবন গঠিত। স্বাস্থ্য, সম্পদ, সম্পর্ক, সুখ অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনার অবস্থান হয় ইতিবাচক না হয় নেতিবাচক। হয় আপনি প্রচুর অর্থের মালিক আর না হয় অর্থাভাবে জর্জরিত। হয় আপনি সুস্বাস্থ্যের অধিকারী আর না হয় আপনি জরাগ্রস্থ। কর্মজীবনে আপনি সুখী-সফল আর না হয় অসুখী-ব্যর্থ। হয় আপনার জীবন আনন্দে পরিপূর্ণ আর না হয় দুঃখভারাক্রান্ত। আপনার জীবনের কোন কোন বছর সফলতায় পরিপূর্ণ, আবার কোনটা ব্যর্থতায় পর্যবসিত। আপনার জীবনে কখনও আসে ভাল সময় আবার কখনও দেখা দেয় দুঃসময়। কোন কোন দিন শুভ, আবার কোনটা বা অশুভ।
আপনার জীবনে যদি ইতিবাচক বিষয় বা বস্তুর চেয়ে নেতিবাচক বিষয় বা বস্তুর উপস্থিতি বেশী হয় তাহলে জেনে রাখুন কোথাও অবশ্যই কোন একটা সমস্যা তৈরি হয়েছে। অন্যের সুখী-সমৃদ্ধ জীবন আপনাকে বলে সেই একই রকম সুখী-সমৃদ্ধ জীবনের অধিকার আপনারও রয়েছে। সুখ-স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ জীবন অর্জনের যোগ্যতা আপনার আছে।
পৃথিবীতে যারাই সফল হয়েছেন তাঁরা প্রত্যেকেই সফলতা অর্জনের জন্য নিজের অজান্তেই একটা বিশেষ শক্তিকে ব্যবহার করেছেন। আর এই বিশেষ শক্তি বা পাওয়ার হচ্ছে ভালবাসা।
পৃথিবীর সব মহান ধর্মে ভালবাসার অসীম শক্তির কথা বলা হয়েছে। পৃথিবীর সকল চিন্তাবিদ, দার্শনিক, অবতার এই শক্তির কথা উল্ল্যেখ করেছেন। কিন্তু আমরা অনেকেই তা বুঝতে পারিনি, উপলব্ধি করতে পারিনি। ‘ভালবাসো’ তাঁদের এই শিক্ষা সকল যুগের সকল মানুষের জন্য প্রযোজ্য, কারণ আপনি যখন ভালবাসছেন তখন আপনি পৃথিবীর সবচেয়ে মহান শক্তিকে ব্যবহার করতে শিখছেন।
ভালবাসার শক্তি
“ যদিও ভালবাসা চোখে দেখা যায়না, তথাপি তা বাতাস কিংবা পানির মতই বাস্তব। এটা একটা কার্যকর, জীবন্ত ও সদা-সঞ্চারণশীল শক্তি। মহাসমুদ্রের তরঙ্গের মতই এটা নিয়ত প্রবাহমান। ”
Prentice Mulford
নবজাগরণী লেখক
জগতের মহান চিন্তাবিদ এবং অবতারগন ভালবাসা বলতে পরিবার, বন্ধুবান্ধব বা প্রিয় বস্তু-বিষয়ের প্রতি যে ভালবাসা তাকে বোঝাননি, বরং এখানে ভালবাসা বলতে একটা ইতিবাচক শক্তিকে বোঝানো হয়েছে। আর ইতিবাচক শক্তি অগণিত বা অসংখ্য নয়, বরং এক ও অদ্বিতীয়।
অন্যান্য প্রাকৃতিক শক্তি যেমনঃ মধ্যাকর্ষণশক্তি বা মহাকর্ষ শক্তির মতই ভালবাসাও চোখে দেখা যায়না, কিন্তু সন্দেহাতীত ভাবে অনুভব করা যায়। চোখে দেখা না গেলেও ভালবাসার শক্তি অন্য যেকোনো প্রাকৃতিক শক্তির চাইতে তীব্রতর।
একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন ভালবাসা ছাড়া আপনি, আপনার পরিবার, এমনকি পৃথিবীর কোন মানুষই জন্ম লাভ করতেন না। আজ যদি কোন কারনে পৃথিবী ভালবাসাহীন হয়ে পড়ে তবে মানব জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।

Post a Comment